চাটমোহরে বেশি দামে লবণ বিক্রি করায় জরিমানা ও কারাদন্ড

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২২:৫৩

পাবনার চাটমোহরে মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই গুজব ছড়িয়ে পড়ে লবণের দাম বেড়েছে। সাধারণ মানুষ লবণ কেনার জন্য দোকানে দোকানে হুমড়ি খেয়ে পড়েন। প্রতি কেজি লবণ ৮০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন মাঠে নামেন। মূহুর্তে লবণের দাম স্বাভাবিক হয়ে যায়। বেশি দামে লবণ বিক্রি করার অপরাধে চাটমোহর থানা পুলিশ চাটমোহর নতুন বাজার এলাকা থেকে একজনকে আটক করে।  এছাড়া তিনজন ব্যবসায়ীকে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।​

এদিকে বেশী দামে লবণ বিক্রি করায় চাটমোহর রেলবাজার এলাকা থেকে একজন দোকানদারকে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। আটককৃত দোকানদার হলেন রেলবাজার বিসমিল্লাহ স্টোরের মালিক ও রতনপুর গ্রামের আঃ রহমান বিশ্বাসের ছেলে লুৎফর রহমান বিশ্বাস (৫০)। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম। এসময় থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া চাটমোহর পৌর শহরের শাহী মসজিদ মোড়ের আলী-নাহার স্টোরের মালিক আলীকে ১০ হাজার টাকা,নতুন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী নৃপেন সরকারকে ৫শ’ টাকা ও চাটমোহর রেলবাজারের মেসার্স ভাই ভাই স্টোরের মালিক রাকিবুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এদিকে লবণের দাম বৃদ্ধি পাওয়ার গুজবে উপজেলার বিভিন্ন বাজার থেকে চাটমোহরে মহাজনের দোকানে এসে ক্ষুদ্র ব্যবসায়ীরা ১০/১৫ বস্তা করে লবণ কিনে নিয়ে যেতে থাকেন। চাটমোহর থানা পুলিশ ৩টি অটোভ্যান ভর্তি লবণ আটক করে। বৈধ কাগজপত্র থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। প্রশাসন থেকে একজনকেও অতিরিক্ত লবণ না দেওয়ার অনুরোধ জানানো হয়।   

ইত্তেফাক/এসএইচএম