অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে কামারখন্দে দুই ব্যবসায়ীর অর্থদন্ড

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২২:৫২

সিরাজগঞ্জের কামারখন্দে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুরিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে ও  জামতৈল বাজারের ব্যবসায়ী জহুরুল ইসলাম ও কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের হাসান আলীর ছেলে ও পাইকোশা বাজারের ব্যবসায়ী আব্দুল হাকিম। 

লবণের মূল্যবৃদ্ধির গুজবের সুযোগ নিয়ে মঙ্গলবার চালিয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি করছিলেন ওই দুই ব্যবসায়ী। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে ৪০ হাজার ও আব্দুল হাকিমকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যামান আদালত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশে লবণের মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেনি। অসাধু কিছু ব্যবসায়ী গুজব ছড়িয়ে লবনের মূল্যবৃদ্ধি করে অধিক মূল্যে বিক্রি করছে। লবণসহ বিভিন্ন সামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রি রোধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এসএইচএম