লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিভিন্ন হাট বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি দামে লবণ বিক্রি করে অধিক মুনাফা লাভের পায়তারা করেছেন। মঙ্গলবার সকালে হঠাৎ এ গুজব ছড়ালে লবণ কিনতে বিভিন্ন দোকানপাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার উমে রুমানা তুয়া বিকেলে লবণের বাজার মূল্য স্থিতিশীল রয়েছে বলে সারা উপজেলায় মাইক প্রচার চালান। সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে আর্থিক ক্ষতি ১১ হাজার কোটি টাকা!
এ সময় উপজেলার জাটিয়া বাজারে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে হযরত আলীকে ৪০ হাজার টাকা এবং এনামুল হাসান নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে তিনি উপজেলা সদর বাজারে পেঁয়াজ মহল পরিদর্শন করেন এবং প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেন। এ সময় ব্যবসায়ীরা ধার্যকৃত মূল্যে পেঁয়াজ বিক্রি করতে সম্মত হন।
ইত্তেফাক/এসি
