বগুড়ায় রেলের জায়গায় গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২২

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের সেউজগাড়ী ও রেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডলের নেতৃত্বে পুলিশ ও রেল বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে রেল বিভাগের কর্মকর্তাদের মধ্যে ছিলেন লালমনিরহাটের চিফ স্টেট অফিসার রেজাউল করিম, লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, ডিভিশনাল স্টেট অফিসার মো. রেজাওয়ানুল হক।

বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের স্টেট অফিসার রেজাউল করিম জানান, অবৈধভাবে রেলওয়ে সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলে রেলওয়ের এই কর্মকর্তা জানান। তিনি আরো জানান, বগুড়ায় যে সব ব্যক্তি রেলওয়ের সম্পত্তি লিজ নিয়ে লিজের টাকা পরিশোধ করেনি অথচ রেলওয়ের সম্পত্তি ভোগদখল করছে সেই সব স্থাপনাও উচ্ছেদ করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলওয়ের এই কর্মকর্তা বলেন, বগুড়ায় রেলওয়ে স্টেশন এলাকার দক্ষিণ পার্শ্বে টেন্ডারের মাধ্যমে পাওয়া জায়গায় রেল বিভাগের নিজস্ব মাস্টারপ্ল্যান অনুযায়ী স্থাপনা নির্মাণ করা হয়নি বলে সেগুলোও উচ্ছেদের আওতায় পড়েছে। আজ বুধবারও এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।