প্রধান আসামিসহ গ্রেফতার পাঁচ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৭

অধ্যক্ষকে পানিতে নিক্ষেপ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদকে লাঞ্ছনা এবং পুকুরের পানিতে ফেলে দেওয়ার ঘটনার মূলহোতাসহ পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বেলপুকুর থানার বিসমিল্লাহ পেট্রোল পাম্পসংলগ্ন মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো—পলিটেকনিক শাখা ছাত্রলীগের সদ্যবহিষ্কৃত যুগ্মসম্পাদক ও মামলার প্রধান আসামি কামাল হোসেন সৌরভ, দুই নম্বর আসামি মুরাদ, তিন নম্বর আসামি শান্ত, ছয় নম্বর আসামি সালমান ওরফে টনি এবং সাত নম্বর আসামি রায়হানুল হাসান হাসিব। তারা সবাই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

আরএমপির মুখপাত্র জানান, আরএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং বেলপুকুর থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হলো। এ ছাড়া জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় ২ নভেম্বর রাতেই সাত জনের নাম উল্লেখসহ ৫৭ জনকে আসামি করে মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা করেন অধ্যক্ষ।