পাবনায় পুকুর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৮

পাবনা প্রতিনিধি

পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার গোডাউন পাড়ার একটি পুকুর থেকে এক স্বর্ণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শরিয়ত উল্লাহ শহরের রাধানগর মহল্লার সফর শেখের ছেলে এবং শহরের সোনাপট্টি এলাকার সানন্দা জুয়েলার্সের কর্মচারী ছিলেন।

সোমবার রাতে শালগাড়িয়া গোডাউন পাড়ার ঝাঝরা পুকুরের পানিতে কিছু পড়ার শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ডুবুরি নামিয়ে কাউকে উদ্ধার করতে পারেনি। পরে মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় ডুবুরি শ্রমিকের লাশ উদ্ধার করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহাম্মেদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সোনাপট্টি এলাকার একাধিক ব্যবসায়ী জানান, কাজ শেষে শরিয়ত উল্লাহ তার মোটরসাইকেল নিয়ে বেড়িয়ে যায়। সকালে তার লাশ উদ্ধার হলেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।