ওসি মেহেদীকে দেখে শিক্ষা নিতে হবে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:৩৩

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া শরীয়তপুরের ডামুড্যা থানার ওসি মেহেদী হাসানের দায়িত্ববোধ সত্যি প্রশংসনীয়। দেখা গেছে, যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে যাত্রীদের বাঁচাতে তিনি নিজেই নেমেছেন পানিতে। এরকম ঘটনা বাংলাদেশের পুলিশ প্রশাসনের জন্য অনুকরণীয়। যা আমাদেরও মুগ্ধ করেছে। তিনি হয়তো ফায়ার সার্ভিসকে ফোন করে, উদ্ধারকাজ তদারকি করে দায়িত্ব শেষ করতে পারতেন। তবে তিনি প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য—কারো উপকারের জন্য ক্ষমতার চেয়ে মনুষ্যত্ব বড়ো। মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে, একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে, তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। একজন মানুষ, মানুষের বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে—এমন প্রত্যাশা মানুষমাত্রই করতে পারে। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার। আমাদের সবারই সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করা। পুলিশ প্রশাসনের সকল সদস্য এরকম আন্তরিক হলে পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরো বাড়বে।

মো. তাইমুন ইসলাম রায়হান, রাঙ্গাবালী, পটুয়াখালী