লবণের মূল্যবৃদ্ধির গুজবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় লবণ কেনার ধুম পড়েছে। আর এ ঘটনায় মুহূর্তেই সারা উপজেলায় লবণ উধাও হয়ে যায়। গুজবের কারণে অসাধু ব্যবসায়ীরা প্রতি কেজি লবণ ৭০ থেকে ১শ টাকায় বিক্রি করেছে।মঙ্গলবার সকাল থেকে গুজব ছড়িয়ে পড়ে যে, লবণের দাম বেড়ে গেছে।
এ খবর পেয়ে শত শত ক্রেতা দোকানগুলিতে ভিড় করে। উপজেলার প্রাণকেন্দ্র বালিজুড়ি, জোনাইল, তেঘুরিয়া, মিলনবাজার, মোসলেমাবাদ ও রায়গঞ্জসহ সকল বাজারে মুহূর্তেই লবণ শেষ হয়ে যায়। অনেকে সুযোগ পেয়ে লবণ মজুদ করে রাখে।
আরও পড়ুন: ত্রিশালে বেশি দামে লবণ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
এদিকে দুপুরে গুজব নিরসনে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযানে নামেন। তিনি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে কয়েকজন ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে লবণ বিক্রিতে বাধ্য করেন এবং বেশী দাম নেওয়ায় বালিজুড়ি বাজারের ব্যবসায়ী মৃণাল সাহা, কার্তিক সাহাসহ কয়েকজনকে জরিমানা করেন। এ সময় তিনি ক্রেতাদের গুজবে কান না দিতে অনুরোধ করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।
ইত্তেফাক/এএএম
