সারাদেশে পর্যাপ্ত পাবলিক টয়লেট তৈরি করা হবে :পূর্তমন্ত্রী

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘আমরা দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলেমেয়েদের জন্য আলাদা করে টয়লেটের ব্যবস্থা করেছি। কারণ আমরা মনে করি, মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য। সেই স্বাস্থ্যসেবার অন্যতম পাঠ হচ্ছে টয়লেট। আমাদের দেশে যে পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে, তা পর্যাপ্ত নয়। তাই আমরা সারাদেশে স্বাস্থ্যসম্মতভাবে পাবলিক টয়লেট তৈরি করব এবং সেগুলো ব্যবহারের জন্য সবাইকে সচেতন হতে হবে।’ হারপিক ও আরটিভির আয়োজনে গতকাল রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে বিশ্ব টয়লেট দিবস উদ্যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমরা আগামী প্রজন্মকে যদি স্বাস্থ্যসম্মতভাবে গড়ে তুলতে না পারি, তাহলে তারা নেতৃত্বশূন্যতায় ভুগবে। এজন্য সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপকমিশনার, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. ফসিউল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যক্ষ কামরুল হাসান খান, ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের মুখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ তারেক প্রমুখ।