চট্টগ্রাম কাস্টম হাউজে দুদকের এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়েছে গতকাল মঙ্গলবার। দুপুরে এ অভিযান শুরু হয়। অভিযানকালে কাস্টম হাউজে অবস্থানরত বেশ কিছু বহিরাগত ব্যক্তিকে আটক করা হয়। ১০৬ নম্বরে একটি অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে দুদক সূত্র জানায়।
দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক জাফর আহমদ ইত্তেফাককে বলেন, চট্টগ্রাম কাস্টম হাউজে দুদকের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় কাস্টমস হাউজের ভেতরে অবস্থানরত বেশ কিছু বহিরাগত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। দেখা গেছে, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সংস্থার প্রতিনিধি। তারা কাস্টম হাউজে পরিচয়পত্র ছাড়া প্রবেশ করেছে। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে, ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া যাতে না আসে এই অঙ্গীকারের ভিত্তিতে ছেড়ে দেওয়া হয়। এই অভিযানে অবশ্য কারো বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না।
