চট্টগ্রামে সোহেল হত্যা মামলার অভিযোগপত্র জমা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২২:২০

১০ মাস আগে চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে খুনের ঘটনা তদন্ত শেষে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এতে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কাউন্সিলর ও জাতীয় পার্টির এক নেতাসহ ৫২ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির  হোসেন চট্টগ্রাম মহানগর আদালতে নগর পুলিশের প্রসিকিউশন শাখায় চার পাতার অভিযোগপত্রটি জমা দেন।

ঘটনার সময় গণপিটুনিতে মহিউদ্দিন সোহেলের মৃত্যু হয়েছে বলে পুলিশসহ স্থানীয়দের কাছ থেকে বক্তব্য এসেছিল। কিন্তু পুলিশেরই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, গণপিটুনি নয়, এলাকায় আধিপত্য অক্ষুণ্ন রাখতে উঠতি নেতা সোহেলকে এক কাউন্সিলরসহ কয়েক জনের পরিকল্পনায় খুন করা হয়। আদালত সূত্র জানায়, ৫২ আসামির ১৭ জন পলাতক আছেন। ৩৫ জন ঘটনার পর বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েছে। মামলার বাদীসহ ২৯ জনকে সাক্ষী করা হয়েছে।