বসল পদ্মা সেতুর ১৬তম স্প্যান

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০০:৩২

১৬তম স্প্যান ‘৩ডি’ বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ২৪০০ মিটার বা প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হলো। গতকাল মঙ্গলবার স্প্যানটি ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে। এছাড়া এ মাসেই সেতুতে বসতে যাচ্ছে অন্তত আরো দুটি স্প্যান।

পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির জানান, গতকাল সকাল ৯টায় ভাসমান ক্রেন তিনাই-ই-তে করে স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে কুয়াশা থাকায় সকাল ১০টায় এটি রওনা হয়। কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৬ ও ১৭ নম্বর পিলারের দূরত্ব কম হওয়ায় অল্প সময়ের মধ্যেই স্প্যানটি পিলারের ওপর বসানো সম্ভব হয়েছে। এরপর কয়েক দিনের মধ্যেই ‘৪ডি’ স্প্যানটি ২২ ও ২৩ নম্বর খুঁটিতে বসানো হবে। এটির প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এছাড়া ২১ ও ২২ নম্বর পিলারের ওপর আরো একটি স্প্যান এ মাসেই বসানো হবে। তিনি আরো জানান, ৪ডি স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর খুঁটির কাছে প্ল্যাটফরম তৈরি করে নদীর তীরে রাখা আছে।

এদিকে ৪১টি স্প্যানের মধ্যে মাওয়ায় এসেছে ৩১টি স্প্যান। এর মধ্যে ১৬টি স্প্যান স্থাপন করা হলো। আর পাঁচটি রেডি এবং তিনটি রং করা ছাড়া বাকি ৮টি স্প্যান ফিটিংয়ের কাজ চলছে। এর আগে গত ২২ অক্টোবর ১৫তম স্প্যানটি বসেছিল। নাব্যতার সংকট না হলে এই সময়ের মধ্যে আরো একাধিক স্প্যান বসানো যেত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সেতুর ৪২টি খুঁটির মধ্যে ৩৩ খুঁটি সম্পন্ন হয়ে গেছে। বাকি ৯টি খুঁটির কাজও দ্রুত এগিয়ে চলেছে। এখন শুধু পাইলের ওপর ক্যাপিং করার কাজ রয়েছে। বসে যাওয়া স্প্যানে স্ল্যাব স্থাপনের কাজও চলছে সমান তালে। সেতুর নিচের অংশে রেলওয়ে স্ল্যাব বসে গেছে ৩৬২টি। রেলওয়ের ২৯৫৯টি প্রিকাস্ট স্ল্যাব প্রয়োজন হবে। এরমধ্যে ২৯২৪টি শেষ হয়েছে। এ মাসে তিনটি স্প্যান বসে গেলে সেতুর প্রায় অর্ধেক দৃশ্যমান হবে।