সোনারগাঁওয়ে জমি দখল ও ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০০:৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক প্রতিপক্ষের জমি দখল এবং এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত ঐ ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে সোনারগাঁও থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গকান্দি গ্রামের আব্দুল মতিনের সঙ্গে বারদী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে রয়েছে। ভূমিসংক্রান্ত জটিলতা নিরসনে সোনারগাঁও ভূমি কার্যালয়ে একটি মামলা চলছে। গত সোমবার সকালে হাবিবুর রহমানের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হাবিবুর রহমান হাবু ও ওমর ফারুকের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল মতিনের বাড়িতে হামলা করে জমি দখলের চেষ্টা করে। এ সময় আব্দুল মতিনের আত্মীয় ব্যবসায়ী মোখলেস মিয়া তাদের বাধা দেন। একপর্যায়ে মোখলেছ মিয়াকে পিটিয়ে আহত করে তারা। পরে আহত  ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর আহত ঐ ব্যবসায়ীর ভাই আবু হারেছ ও জমির মালিক আব্দুল মতিন বাদী হয়ে সোনারগাঁও থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।

আহত মোখলেস মিয়া জানান, ‘বারদী ইউনিয়ন পরিষদের দুই সদস্য হাবিবুর রহমান হাবু ও ওমর ফারুকের নেতৃত্বে তার সহযোগীরা জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় পিটিয়ে আমাকে হত্যার চেষ্টা করে।’

বারদী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবু জানান, ‘জোরপূর্বক জমি দখল করে নেওয়ার ঘটনাটি সত্য নয়। আমাদের ওপর হামলা করলে আমরা প্রতিহত করি।’ সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।