মা-ছেলেসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০০:৩৪

সাভারের আশুলিয়ায় পৃথক দুটি অভিযানে মা-ছেলেসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে আশুলিয়ার নিরিবিলি ও কাঠগড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা এলাকার আব্দুল জলিলের ছেলে তুহিন সরদার ও তার মা বকুল বেগম এবং বাদল মিয়া ও আব্দুল কাদির।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক কাউছার সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে প্রথমে মাদক ব্যবসায়ী তুহিন সরদারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তুহিনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তুহিনের মায়ের কাছে থাকা ২২০ পুরিয়া হেরোইন এবং বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৭৭০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গণি মিয়ার নেতৃত্বে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তার পাশে মানিকের কলার আড়তে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলো মো. বাদল মিয়া ওরফে মিলন ও মো. আব্দুল কাদির। এ সময় বাদল মিয়ার কাছ থেকে ১৬০ পিস এবং আব্দুল কাদিরের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।