চীনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ যুক্তরাজ্য দূতাবাসের সাবেক কর্মীর

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৭:৩০

হংকংয়ে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাসের সাবেক এক কর্মী চীনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। সাইমন চ্যাঙ্গ নামের ওই ব্যক্তিকে হংকংয়ে চলমান আন্দোলনকে কেন্দ্র করে গত আগস্টে গ্রেফতার করেছিল পুলিশ। খবর রয়টার্স’র

সাইমন চ্যাঙ্গ হংকংয়ের নাগরিক। তিনি হংকংয়ে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাসে দুই বছর চাকরি করেছেন। চ্যাঙ্গ জানান, আন্দোলনকে কেন্দ্র করে আগস্টে হংকং থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে মেইনল্যান্ড এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চীনের গোপন পুলিশ তাকে নির্যাতন করে। 

চ্যাঙ্গ বিবিসিকে বলেন, ‘আমাকে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে রাখা হয়।’ ‘তারা বলে যে তারা গোপন পুলিশের লোক এবং আমাদের কোন মানবাধিকার নেই, এটা বলেই তারা নির্যাতন শুরু করে’। 

চ্যাঙ্গ আরও বলেন, হংকংয়ে চলমান আন্দোলনে ব্রিটেনের কোন ভূমিকা রয়েছে কি’না সে বিষয়ে নানা প্রশ্ন করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ভয়ে তিনি নিজের ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড দিয়ে দেন । তাছাড়া সামরিক বাহিনীতে অতীতে কাজ করেছে এবং বর্তমানে  ব্রিটিশ দূতাবাসে কর্মরত আছেন এমন দুই জন ব্যক্তির নাম বলে দেন চ্যাঙ্গ। 

আরও পড়ুন: দেশে ৬ মাসের চাহিদার পরিমাণ লবণ মজুদ আছে: শিল্পমন্ত্রী

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডমিনিক র‌্যাব চ্যাঙ্গের প্রতি চীনের এমন আচরণের নিন্দা জানিয়ে বিবিসিকে বলেন, ‘আমরা আশা করছি চীন এই অভিযোগ বিষয়ে তদন্ত করবে এবং জড়িতদের শাস্তির আওতায় আনবে।’

এর আগে সোমবার লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হংকংয়ে চলমান সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ অন্য দেশের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন

উল্লেখ্য, ১৯৯৭ সালে হংকংকে চীনের হাতে হস্তান্তর করে যুক্তরাজ্য। তারপর থেকে ‘এক দেশ দুই নীতি’র ভিত্তিতে হংকং শাসন করছে চীন। প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে ছয় মাস আগে শুরু হওয়া আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়ে।  

ইত্তেফাক/এমইউ