গত ফেব্রুয়ারিতে কাশ্মীরে এক সশস্ত্র হামলায় প্রাণ হারান ১৪ ভারতীয় সৈনিক। এর সঙ্গে পাকিস্তানের সংশ্রব আছে, এমন অভিযোগ তুলে পরপরই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচারের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় ভারতীয় সংস্থা আইএমজি রিলায়েন্স। সে সময় দ্রুত বিকল্প সম্প্রচারকারী খুঁজে বের করেছিল পিসিবি। কিন্তু এতে তারা বেশ বড়ো আর্থিক ক্ষতির মুখে পড়ে। এরপর পাকিস্তানের আরো কয়েকটি সিরিজের জন্য রিলায়েন্সের সঙ্গে যে চুক্তি ছিল, তা বাতিল হয়। সবমিলিয়ে পিসিবির ক্ষতির পরিমাণ কম নয়। আর এসব ক্ষতিপূরণ চেয়ে পিসিবি চিঠি দিয়েছিল রিলায়েন্সকে। কিন্তু রিলায়েন্স কোনো সাড়া না দেওয়ায় এবার লন্ডনের কোর্ট অব আরবিট্রেশনে তাদের বিপক্ষে মামলা করে দিয়েছে পিসিবি। গতকাল এ খবর নিশ্চিত করেছে বোর্ডটি।
