অধিনায়ক টিম পেইন জানিয়েছেন পাকিস্তানের তারুণ্য নির্ভর পেস আক্রমণকে অস্ট্রেলিয়া খাটো করে দেখছে না। দুই দেশের মধ্যে আজ চলতি সিরিজের প্রথম টেস্টটি শুরুর প্রাক্কালে পাকিস্তানের ১৬ বছর বয়সি পেসার নাসিম শাহকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে টেস্টটি। স্বাগতিকরা জোর ফেবারিট হিসেবেই খেলতে নামবে। কেননা পাকিস্তান এর আগে অস্ট্রেলিয়ায় পাঁচ দিনের যে ১২টি ম্যাচ খেলেছে তার সবকটিতেই হেরেছে।
মাঠের লড়াই শুরুর আগে পেইন জানিয়েছেন তারা পাকিস্তানের এই আলোচিত পেসারের অনেক ভিডিও ফুটেজও পর্যালোচনা করে দেখেছে। পাকিস্তান নাসিমকে আজ অভিষেক ঘটাতে যাচ্ছে বলে গতকাল বুধবার জানিয়েছেন সেদেশের অধিনায়ক আজহার আলি। নাসিম ছাড়াও সফরকারীরা দলে রেখেছে ১৯ বছরের পেসার শাহিন আফ্রিদি ও মুসা খানকে।
পেইন এদের নিয়ে বলেন, ‘তাদের সবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। পাকিস্তানকে নিয়ে এমনটাই হয়ে থাকে, অনেক বিকল্প, অনেক দক্ষতার পাশাপাশি পেস আক্রমণের ধরনও সেরকম থাকে। এজন্যই তাদের পেস আক্রমণ এবং ব্যাটসম্যানদের যতটা সম্ভব ফুটেজের মাধ্যমে দেখার ব্যাপারটা নিশ্চিত করেছি আমরা।’
নাসিম, গেল সপ্তাহে যার মা মারা গেছেন, কেবল সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন পাকিস্তানের হয়ে। কিন্তু পার্থে অস্ট্রেলিয়ার এ দলের বিরুদ্ধে আগুন ঝরানো বোলিং দিয়ে ইতিমধ্যেই অভিভূত করেছেন। শুধু তাই নয়, আজ খেললে তিনিই হবেন অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম বয়সি হিসেবে অভিষিক্ত টেস্ট ক্রিকেটার।
স্বাগতিক এই অধিনায়ক জানান, তিনি ক্লাব পর্যায়ে ১৬ বছরের এই পেসারটির সঙ্গে খেলেছেন। কিন্তু বড়ো আসরে মুখোমুখি হননি। পেইন বলেন,‘তাকে দেখতে সত্যি সত্যি শিহরণ জাগানো মেধা মনে হচ্ছে। পাকিস্তানের এরকম তরুণ পেসার বের করে আনার খ্যাতি আছে। কাজেই মনে হচ্ছে তাদের সমৃদ্ধ ফাস্ট বোলারদের ইতিহাসে সে হতে যাচ্ছে আরেকজন।’
এতসব কিছুর পরও পাকিস্তানের বোলিংয়ে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে এই স্মিথ একাই ইংল্যান্ডকে নাকাল করে ছেড়েছিলেন। পেইন চান অবশিষ্ট ব্যাটসম্যানরাও পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে যেন সমর্থন দেন তাকে। এ ব্যাপারে কোচ জাস্টিন ল্যাঙ্গারও অধিনায়কের কথার প্রতিধ্বনি করেন। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে দুই টেস্টের এই সিরিজের শেষটি হবে দিনরাত্রির। সেটি শুরু হবে অ্যাডেলাইডে ২৯ নভেম্বর।
