রায়পুরে অস্ত্রসহ চার ডাকাত আটক

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:৩০

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাতে বামনী ইউনিয়নের সাগরদী গ্রাম সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়।

এরা হলো, সোনাপুর ইউনিয়নের ইয়াসিন হোসেন বুলেট (২৮), একই এলাকার মো. সোহেন (২০), পৌর দেনায়েতপুর গ্রামের ইমান হোসেন (২৪) ও দক্ষিণ দেনায়েতপুর গ্রামের সাকিল হোসেন (২০)।

রায়পুর থানার ওসি (তদন্ত) শিপন বড়ুয়া জানান, আটককৃতরা অন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। বামানী ইউনিয়নের ডাকাতির প্রস্তুতি নিলে থানার এসআই মানিক বড়ুয়ার নেতৃত্বে টহল পুলিশ অভিযান চালায়। তখন ডাকাত দলের অন্যান্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ধরা পড়ে ঐ ৪ ডাকাত। এসময় পুলিশ ৩ রাউন্ড গুলি করে। পরে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি এলজি, ৪ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ১টি ছোরা ও ২টি রড উদ্ধার করা হয়। এ ব্যাপারে সকালে থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক দুটি মামলা হয়েছে।