পুলিশ সদস্যসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দশ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় বাইসাইকেল আরোহী আব্দুল খালেক (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জায়গীর-বালারহাট সড়কের জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেক কাফ্রিখাল ইউনিয়নের কিশামতকালে গ্রামের।
কুমিল্লা :পুলিশের মাইক্রোবাসকে একটি ট্রাক ধাক্কা দিলে নুর হোসেন নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় এএসআইসহ আহত হয়েছেন আরো তিন জন। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুর হোসেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় কর্মরত ছিলেন এবং তিনি লক্ষ্মীপুর জেলা সদরের ওয়াহেদপুর গ্রামের।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাটে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আছর আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল উপজেলার যাদুকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা : গাইবান্ধায় গতকাল পৃথক দুর্ঘটনায় বাস সহকারী শাহরিয়ার রহমান নাজিমসহ (২৮) দুই জন নিহত হয়েছেন। নাজিম ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর গড়িয়ার ব্রিজ এলাকায় ও একই সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজারে ট্রাকচাপায় তোজাম্মেল মিয়া (৬৫) নিহত হন। শাহরিয়ার রহমান নাজিম পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের ও তোজাম্মেল গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকুলতলা বালুপাড়া গ্রামের।
সাতক্ষীরা : সাতক্ষীরায় আবুল বাশার (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার আলিপুর হাটখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের বেউলা শ্বেতপুর গ্রামের।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : উল্লাপাড়ার সলংগা-হাটিকুমরুল আঞ্চলিক সড়কে লেগুনায় চাপা পড়ে মারিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। সে উল্লাপাড়া উপজেলার চড়িয়া উজির শাহপাড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) :বিজয়নগর উপজেলার আখাউড়া-চান্দুরা সড়কের মাইজ হাটি এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঐ এলাকার আব্দুল মালেকের ছেলে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বুধবার বিকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি নামক স্থানে যাত্রীবাহী মাইক্রোবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও অপর দুই জন আহত হয়। নিহতরা হলো—পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের আল আমিন (৩৫) ও কটিয়াদী উপজেলার কাচারিপাড়া গ্রামের রিগন রবিদাস (২৭)। আহত আকরাম (২৫) ও জাকারিয়াকে (৪৫) জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
