রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি-ইছাখালি এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত সেতুর নামকরণ বীর মুক্তিযোদ্ধা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নামে ‘বীরপ্রতীক গাজী সেতু’ করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (উন্নয়ন শাখা-২) এ নামকরণ অনুমোদন করে।
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী এনায়েত কবির জানান, বীরপ্রতীক গাজী সেতুর দৈর্ঘ্য ৫৭৬ মিটার। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা। সেতু নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। পশ্চিম পাশের সংযোগ সড়কের কাজ চলছে। অল্প কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন।
