নন্দিত সাহিত্য পত্রিকা ‘শালুক’য়ের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামীকাল ২২ নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লেখক-পাঠক-শুভাকাঙ্ক্ষীদের নিবিড় সম্মিলন। রাজধানীর জাতীয় জাদুঘর, পাঠক সমাবেশ কেন্দ্র ও নারায়ণগঞ্জের পানাম নগরীতে এ সম্মিলন চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
কবি ওবায়েদ আকাশ সম্পাদিত সাহিত্য ও চিন্তা শিল্পের পত্রিকা ‘শালুক’য়ের এ সম্মিলনে যোগ দিবেন দেশ-বিদেশের নবীন-প্রবীণ অগণিত কবি-লেখক-শিল্পী-বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম দিন ২২ নভেম্বর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মিলনমেলা। এদিন দেশ-বিদেশের লেখক-পাঠক পরিচয় পর্ব, সম্মাননা প্রদান, আলোচনা, বিদেশি কবিদের কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। দ্বিতীয় দিন ২৩ নভেম্বর সকালে বিদেশি অতিথি কবিদের নিয়ে যাওয়া হবে সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরী ও লোকশিল্প জাদুঘরে। তৃতীয় দিন সম্মিলন ঘটবে শাহবাগ পাঠক সমাবেশ কেন্দ্রে বিকাল ৪টায়।
উল্লেখ্য, ১৯৯৯ সালে মাত্র তিন ফর্মায় প্রকাশিত হয়েছিল শালুকের প্রথম সংখ্যা। শালুকের লেখক সংখ্যা বাড়তে বাড়তে এখন তা সাত থেকে আটশো পৃষ্ঠায় প্রকাশিত হয়। দেশ-বিদেশের যেখানেই বাংলাভাষী আছেন সর্বত্র রয়েছে শালুকের লেখক, পাঠক এবং শুভাকাঙ্ক্ষী।
সন্মিলন প্রসঙ্গে ‘শালুক’ সম্পাদক ও কবি ওবায়েদ আকাশ বলেন, ‘শালুকের আছে একঝাঁক নতুন চিন্তার লেখক। তাদের ভাবনায় ভিন্নতা আছে। তারা নতুন কিছু করতে চায়। এই নতুন চিন্তাকে উত্সাহিত করতে এবং ভিন্ন চিন্তাকে উসেক দিতে শালুকের এ সাহিত্য যাত্রা জরুরি। আর যাত্রাপথে ২০ বছর একটি উল্লেখযোগ্য ব্যাপার। এ কুড়ি বছরের স্বতন্ত্র চলাকে উত্সাহিত করতেই এ উত্সব উদ্যাপিত হচ্ছে।’
