স্মার্টটিভি দেশের ঘরে ঘরে কম টাকায় পৌঁছে দিতে একের পর এক নতুন নতুন পদক্ষেপ নিয়েই চলেছে ভারতের অনলাইন মার্কেটপ্লেসগুলো। মটোরোলা ব্র্যান্ডের স্মার্টটিভি বাজারে ছাড়ার পরপরই এবার নকিয়া স্মার্টটিভি আসছে বাজারে। এটি শুধু একটি স্মার্টটিভিই নয়, বরং নকিয়া টিভি সিরিজ আনতে চলেছে ফ্লিপকার্ট। তবে নকিয়ার স্মার্টটিভির বিশেষত্বই হচ্ছে এর ব্যাপক সাউন্ড কোয়ালিটি। ইতিমধ্যে ফ্লিপকার্ট এর তরফে এ-ও জানানো হয়েছে যে, এই স্মার্টটিভিতে JBL এর সাউন্ড থাকছে।
বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে যে, JBL -এর সাউন্ড সমৃদ্ধ নকিয়া স্মার্টটিভি আসছে সেরা ক্লিয়ার ভোকাল টোন নিয়ে। এছাড়াও এই স্মার্টটিভিতে থাকছে একদম মিনিমাল হারমোনিক ডিসটর্সন। অর্থাত্ পুরোপুরি স্বচ্ছ সাউন্ড কোয়ালিটি নিয়ে হাজির হচ্ছে নকিয়া। এছাড়াও এর সাউন্ড ডলবি অডিও এবং ডিটিএস ট্রু সারাউন্ড সিস্টেম দ্বারা সংযুক্ত।
সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, ‘নকিয়া স্মার্টটিভি-এর সাউন্ড পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে JBL। অর্থাত্ সাউন্ড টিউনিং থেকে শুরু করে সাউন্ড ইঞ্জিনিয়ারিং অবধি সবই সাজাচ্ছে JBL।’
সামপ্রতিক কালের রিপোর্ট অনুযায়ী, নকিয়া স্মার্টটিভির স্ক্রিন সাইজ আদতে ৫০ ইঞ্চি এবং তারও বেশি হতে পারে। আর ৫৫ ইঞ্চির টিভিতে থাকছে 4K UHD রেজ্যুলেশন। আর সফ্টওয়্যারের দিক থেকে এই স্মার্টটিভি-তে থাকছে অ্যান্ড্রয়েড ৯.০। এছাড়াও নকিয়ার এই চমকপ্রদ স্মার্টটিভিতে থাকছে Intelligent Dimming technology। যার মাধ্যমে টিভির কন্ট্রাস্ট লেভেল খুব সহজেই বাড়ানো এবং কমানো যেতে পারে।
ডিসেম্বরেই ভারতের বাজার কাঁপাতে আসছে এই স্মার্টটিভি। গত মাসেই ভারতের বাজারে এসেছে মটোরোলা টিভি। যে টিভির দাম এই মুহূর্তে ১৩,৯৯৯ টাকা। তবে এর সবথেকে প্রিমিয়াম স্মার্টটিভির দাম ৬৪,৯৯৯ টাকা।
