হঠাত্ করেই নিরবের সঙ্গে নতুন ছবির জুটি গড়া নিয়ে ফিল্মপাড়ায় বেশ আলোচনা উঠেছে। ‘ক্যাসিনো’ নামের এই ছবিটি মূলত বুবলীর জন্য প্রথম অগ্নিপরীক্ষা। কারণ ক্যারিয়ারের শুরু থেকে এদেশের সবচেয়ে সফল নায়ক শাকিব খানের সঙ্গেই কাজ করছেন তিনি। তাই খুব সহজ অঙ্কেই সফল নায়িকা হিসেবেই নিজের ক্যারিয়ার সাফল্য যোগ করেছেন তিনি। মূল পরীক্ষা হবে মূলত ক্যাসিনো ছবি দিয়েই। কারণ এই প্রথম শাকিববিহীন চলচ্চিত্রে কাজ করছেন।
বুবলী বলেন, ‘আমি তো সবসময়ই বলে এসেছি কাজের ক্ষেত্রে আমি কারো সঙ্গেই এমনভাবে চুক্তিবদ্ধ নই যে, অন্য কারো সঙ্গে কাজ করতে পারবো না। ভালো স্ক্রিপ্ট পেয়েছি তাই কাজ করছি। আর কো-আর্টিস্ট হিসেবে নিরবও দারুন কাজ করছেন।’
এদিকে শাকিব খান আর বুবলীর সঙ্গে অভিনয় করবেন না বলে একটি খবর বাতাসে চাউর হচ্ছে। তবে এ ব্যাপারে শাকিব খান কোনো হ্যাঁ-না মন্তব্য করেননি। শাকিবের সঙ্গে জুটি বেঁধে বীর নামের ছবিটি করার কথা ছিল বুবলীর। কাজী হায়াত্-এর পরিচালনায় ছবিটি নির্মাণের ঘোষণাও হয়েছে অনেক আগে। হঠাত্ করেই বীর ছবি থেকে বাদ পড়লেন বা সরে দাঁড়ালেন কেন বুবলী! এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘কোনো ছবি থেকে বাদ কেন পড়বো। এর উত্তর সময়ই বলে দেবে। আর এখন আপাতত আমি টানা ২ মাস শুটিং এই ব্যস্ত রয়েছি। কাজের ভেতরেই থাকতে চাই।’ আবারো শাকিব খানের সঙ্গে নতুন কোনো ছবিতে কাজ করবেন কি-না জানতে চাইলে বুবলী বলেন, ‘কেন নয়। আমাদের ভেতরে তো কোনো যু্দ্ধ লাগেনি যে কাজ হবে না। শাকিবের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমরা অবশ্যই ভালো কোনো গল্প বা প্রডাকশন সবকিছু ঠিকমতো হলে একসঙ্গে আবারো নতুন ছবিতে কাজ করবো।’
