বেলের ব্যাপারে সিদ্ধান্ত জানুয়ারিতে

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:১৬

গ্যারেথ বেলের ভবিষ্যত্ নিয়ে জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে সিদ্ধান্ত নেবে রিয়াল মাদ্রিদ। ক্লাবসূত্র জানিয়েছে, জানুয়ারিতে বেলকে ছেড়ে দিতে মাদ্রিদ এখনো প্রস্তুত না। সূত্রটি স্প্যানিশ পত্রিকা মার্কায় বলেছে, ‘বর্তমানে সে আমাদের দলের সেরা খেলোয়াড়। ক্লাবের জন্য সে অনেক কিছু দিয়েছে। আমরা অবশ্যই তাকে ছাড়তে চাই না। তাকে নিয়ে আবারও আমাদের ভাবতে হবে।’ স্প্যানিশ জায়ান্ট মাদ্রিদ অবশ্য বিশ্বাস করে বেলের জীবনযাত্রা নিয়ে বাস্তবতার তুলনায় গণমাধ্যমই বেশি হইচই করছে। এবারের মৌসুমে আবারও বেল প্রথম থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করে চলেছেন। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে লোভনীয় চাইনিজ সুপার লিগে তার যাওয়া প্রায় নিশ্চিত হয়েই গিয়েছিল। শেষ মুহূর্তে অবশ্য তেমন কিছু ঘটেনি। মার্চে দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে জিনেদিন জিদান ফিরে আসার পর থেকেই টটেনহ্যামের সাবেক এই তারকার মাদ্রিদ অধ্যায় শেষ হবার কথা শোনা যাচ্ছিল। তবে আগের তুলনায় এবার দুজনের সম্পর্কের বেশ উন্নতি হয়েছে বলে সবাই বিশ্বাস করেন।