চট্টগ্রামের লোহাগাড়ায় বন্য হাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব লোহাগাড়ার লম্বাদিঘীর পাড় এলাকার ধানখেতে হাতির দলটি দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা তামিম ও সেলিম জানান, বুধবার রাতে হাতির দলটি খাবারের সন্ধানে পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় ১২-১৪টি হাতি দেখতে পান তিনি। ছিদ্দিক আহমদের ধানখেত নষ্ট করেছে হাতির দল।
সকালে খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বন বিভাগ ঘটনাস্থলে যায়। তারা হাতির দলটিকে নিরাপদে পাহাড়ি অঞ্চলে ফিরে যেতে যৌথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সরওয়ার জাহান জানান, হাতির দল ধান খাওয়ার জন্য লোকালয়ে চলে আসে। ভোর হয়ে যাওয়ায় হাতিগুলো বনাঞ্চলে যেতে পারেনি। বর্তমানে হাতির দল কবরস্থানের একটি টিলায় অবস্থান নিয়েছে। বন বিভাগের কর্মীরা সকাল থেকে অবস্থান নিয়েছে এবং হাতিগুলো বনাঞ্চলে ফিরে যেতে পারে এজন্য বন বিভাগ কাজ করছে। হাতির দলে ১৪টি হাতি রয়েছে বলে তিনি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, খবর পেয়ে তারা সকালে ঘটনাস্থলে যান এবং উত্সুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। হাতির দল যাতে বনাঞ্চলে ফিরে যেতে পারে তার জন্য প্রশাসন ও বন বিভাগ কাজ করছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, লোকালয়ে হাতির দল ঢুকে পড়ার সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ ঘটনাস্থলে যান। সাধারণ মানুষের ভিড় সরিয়ে দেওয়া হয়েছে। হাতিগুলো যাতে নিরাপদে বনাঞ্চলে ফিরে যেতে পারে তার কাজ করা হচ্ছে।
