কুষ্টিয়ায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠে-মাঠে শুধুই চোখ জুড়ানো সোনালি ধান। এরই মধ্যে ধুম পড়েছে ধান কাটা ও মাড়াইয়ের। আর ধান কাটা ও মাড়াই নিয়ে চাষিদের এখন ব্যস্ততার শেষ নেই। নতুন ধানের মিষ্টি গন্ধে এখন কৃষকের ঘরে ঘরে চলছে নবান্ন উত্সবের আমেজ। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার চাষি নওশের আলী জানান, এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি ১৪/১৫ মণ ধান হয়েছে। কোনো কোনো কৃষকের জমিতে প্রতি বিঘায় ১৮ মণ পর্যন্ত উত্পন্ন হয়েছে। কুষ্টিয়ার বাড়াদি মৌজার ঢেলাগাড়ি মাঠে দেখা গেছে, চোখ জুড়ানো সোনালি ধানের সমাহার। মাঠজুড়ে শুধু ধান আর ধান। এই মাঠের কৃষক মনিরুল ইসলাম জানান, তিনি সাত বিঘা জমিতে এবার ধান চাষ করেছেন। ফলন ভালো তাই বেশ খুশি। মিরপুর উপজেলার মশান গ্রামের কৃষক জামালউদ্দিন জানান, ব্রি-৪৯ জাত রোপণ করে প্রতি বিঘায় সাড়ে ১৮ মণ ধান উত্পন্ন হয়।
