হাজীগঞ্জে সাত বছর বয়সি শিশুকে ধর্ষণের দায়ে রাকিব (১৪) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটার পর স্থানীয়রা কিশোরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার ও রাকিবকে আটক করে। রাকিবের বাড়ি উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়নের জয়সার গ্রামে।
পুলিশ জানায়, শিশুটির বাবা পেশায় রিকশাচালক। রাকিবদের বাড়িতে ভাড়া থাকে শিশুটির পরিবার। সন্ধ্যার সময় ঘটনাটি ঘটার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রশিদ জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত রাকিব ও শিশুটি থানায় রয়েছে। বৃহস্পতিবার শিশুটির মেডিক্যাল পরীক্ষার জন্যে হাসপাতালে পাঠানো হবে।
