তরুণদের ইন্টারনেট ঝুঁকি ও সচেতনতা নিয়ে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ই-অ্যাওয়ারনেস অলিম্পিয়াড ‘সাইবার চ্যাম্প’। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে এ অলিম্পিয়াডের আয়োজন করছে তথ্যপ্রযুক্তি বিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা ডিনেট। গতকাল বৃহস্পতিবার ছায়ানট সংস্কৃতি ভবন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
বক্তব্য রাখেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনীর হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রধান ড. জিয়া রহমান, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, ইউএসএআইডির গভর্নেন্স বিষয়ক উপদেষ্টা রুমানা আমিন। রাজধানীর বাংলা, ইংরেজি ও মাদ্রাসা মাধ্যমের নবম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় শতাধিক শিক্ষার্থী-শিক্ষক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইউএসএআইডির অবিরোধ: সহনশীলতার পথে কর্মসূচির সহযোগিতায় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ‘ই-সচেতনতা’ গড়ে তোলার অংশ হিসেবে এ অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। এই অলিম্পিয়াডের সঙ্গে ডিনেট শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতনতা গড়ে তোলার জন্য বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করবে। এগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জেলার ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ দেবে। সারাদেশের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে অনলাইনে একটি ই-শিখন প্ল্যাটফরম প্রস্তুত করবে।
শিক্ষার্থীদের সচেতন করার জন্য একটি ২০ সিরিজের ই-কুইজ প্রতিযোগিতার আয়োজন করবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা www.cyberchamp.com.bd এ গিয়ে কুইজ খেলতে পারবে। ২০ সিরিজের এই কুইজ প্রতিযোগিতায় প্রতি সপ্তাহেই থাকবে বিজয়ীদের জন্য পুরস্কার। কুইজের সেরা ২০০ বিজয়ী অংশগ্রহণ করবে ই-অ্যাওয়ারনেস অলিম্পিয়াডের মূল পর্বে। —প্রেস বিজ্ঞপ্তি
