গৃহঋণের সুদহার সিঙ্গেল ডিজিট না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রিয়েল এস্টেট ও হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এক বিবৃতিতে রিহ্যাব নেতারা বলেন, অধিকাংশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে গৃহঋণের সুদহার ডাবল ডিজিটে বিদ্যমান। সরকারের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত গৃহঋণের সুদহার সিঙ্গেল ডিজিট না হওয়ায় রিহ্যাব উদ্বেগ প্রকাশ করছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা যাতে ভাড়ার টাকায় মাথা গোঁজার একটা ঠিকানা খুঁজে পায় সেজন্য স্বল্প সুদের দীর্ঘমেয়াদি একটি তহবিল গঠনের দাবি জানিয়ে আসছি। আমরা আশা করি আগামীতে সরকার আমাদের এ দাবি বাস্তবায়ন করবে।
এদিকে, ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে গৃহঋণের সীমা ২ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রিহ্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান হয়। ক্রমবর্ধমান চাহিদা এবং বাস্তবতা বিবেচনা করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ সত্যিই প্রশংসার দাবিদার। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই লাভবান হবেন। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে আবাসন খাতে বিদ্যমান গতিস্বল্পতা অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে বিশ্বাস করে রিহ্যাব। আবাসন খাতে এই ঋণ সুবিধা এ খাতে ফলপ্রসূ ভূমিকা রাখবে এবং অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে।
উল্লেখ্য, ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে গৃহঋণের সীমা ১ কোটি ২০ লাখ থেকে বৃদ্ধি করে ২ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
