জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সড়ক পরিবহন আইন যে কোনো মূল্যে কার্যকর করতে হবে । কারণ জনগণ চায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে এ আইনের প্রয়োজন রয়েছে। তিনি বুধবার রাতে রংপুর নগরীর দর্শনা এলাকায় প্রয়াত এরশাদের বাসভবন পল্লি নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন। তিনি বলেন, দেশের স্বার্থে সকলের দাবি সড়ক পরিবহন আইন কার্যকর হোক সেখানে মুষ্টিমেয় একটি গোষ্ঠী জনগণকে জিম্মি করবে আর সরকার তাদের কাছে মাথানত করবে তা হতে পারে না। তিনি জনগণের স্বার্থে সরকারকে কঠোরভাবে এ আইন কার্যকর করার আহ্বান জানান।
পেঁয়াজের মূল্য বৃদ্ধি ঠেকাতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, পেঁয়াজের দাম আড়াইশ টাকা কেজি ওঠার আগে সরকারের পেঁয়াজ আমদানি করা উচিত ছিল। এ সময় জাপার ভাইস প্রেসিডেন্ট আবদুর রউফ মানিক, জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফিসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
