সাভারে অগ্নিকাণ্ডে ১৮টি টিনশেড ঘর পুড়ে ছাই

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২৩:৩৫

সাভারে অগ্নিকাণ্ডে একটি টিনশেড বাড়ির ১৮টি ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার জব্বার আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ঐ টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুনে বাড়িটির ১৮টি কক্ষ এবং ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।