সিদ্ধিরগঞ্জে ‘সমকামী’ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. জসিম উদ্দিন (২৮), মো. ইব্রাহিম (২৫) ও মো. মহিউদ্দিন (১৮)। এসময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও দুইটি চাপাতি পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার বিকালে র্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায় গ্রেফতারকৃতরা ‘সমকামী’ গ্রুপের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা জানায়, তারা ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি খুলে ও ফেসবুকে সমকামী গ্রুপ খুলে বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকে। উক্ত পোস্টগুলোতে আকৃষ্ট হয়ে বিভিন্ন বয়সি নারী-পুরুষ বিভিন্ন সময়ে সাড়া দেয়। অতঃপর সুকৌশলে তাদের নারায়ণগঞ্জে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয় তারা। পাশাপাশি অস্ত্রের মুখে জিম্মি করে রেখে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে থাকে। এই অভিনব কৌশল ব্যবহার করার ফলে ভুক্তভোগীরা বেশির ভাগ সময়ে লজ্জায় আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকে। এ কারণে এসব ঘটনা প্রায়শ পর্দার আড়ালে থেকে যায়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তাদের এই গ্রুপের মূলহোতা সিদ্ধিরগঞ্জ এলাকার সুফিয়ান নামে এক সন্ত্রাসী। সুফিয়ানকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
