আইটিএফ জুনিয়র টেনিসে অংশ নিতে আসা এক কিশোরি টেনিস খেলোয়াড়কে যৌন হয়রানির অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলা হয়েছে। মামলায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী ঐ কিশোরি আমেরিকা প্রবাসী এক টেনিস খেলোয়াড়ের মেয়ে। ভুক্তভোগীর চাচা বাদী হয়ে বুধবার এই মামলা করেন। এ ঘটনার পর গতকাল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ওসি বলেন, মামলায় একমাত্র আসামি করা হয়েছে গোলাম মোর্শেদকে। নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় ‘শ্লীলতাহানি’র অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, ‘আইটিএফ জুনিয়র টেনিসে অংশ নিতে গত ২ নভেম্বর ঢাকায় এসেছিল আমার ভাতিজি। টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদের মাধ্যমে ঢাকা ক্লাবের গেস্ট হাউজে উঠেছিল সে। গত ৪ নভেম্বর সন্ধ্যায় গোলাম মোর্শেদ আমার ভাতিজির কক্ষের সামনে এসে তাকে ডিনারের প্রস্তাব দেন। আমার অপ্রাপ্ত বয়স্ক ভাতিজি প্রস্তাবে রাজি হলে গোলাম মোর্শেদ তার গাড়িতে গুলশানের বাসায় নিয়ে মদ ও সিগারেটের অফার করেন। গাড়িতে গোলাম মোর্শেদ আমার ভাতিজির শ্লীলতাহানি করে।’
মামলায় আরো অভিযোগ করা হয়, ‘পরে আমার ভাতিজিকে নিয়ে মোর্শেদ একটি কফিশপে যায়। কফি খাওয়ার পর আমার ভাতিজি তাকে ঢাকা ক্লাবে পৌঁছে দেওয়ার অনুরোধ করলে কৌশলে গোলাম মোর্শেদ তাকে আবার বাসায় নিয়ে কুপ্রস্তাব দেয়। আমার ভাতিজি প্রতিবাদ ও চিত্কার করলে গোলাম মোর্শেদ একটি গাড়ি ভাড়া করে তাকে পৌঁছে দেয়। আমার ভাতিজি হতাশাগ্রস্ত হয়ে কাউকে না জানিয়ে ১৪ নভেম্বর আমেরিকা চলে যায়।’
অভিযোগের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ মাসুদ করিম বলেন, অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের কারণেই গোলাম মোর্শেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
