তালায় ৬৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১১:৩৪

সাতক্ষীরার তালায় ৬৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৬ এর একটি দল উপজেলার ইসলামকাটি মোড় থেকে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ীরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর পূর্বপাড়া হাফিজুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ রনি (৩২)।

আরো পড়ুন: লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বিশ্বনাথের হিরণ আলীর

র‌্যাব জানায়, তালা উপজেলার পাটকেলঘাটা জগদানন্দকাটি গ্রামের ইসলামকাটি মোড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের এএসপি শাহিনুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় ৬৭০ বোতল ফেন্সিডিলসহ  মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে। তার কাছ থেকে জব্দ করা হয় একটি মোবাইল ও দু’টি সিম কার্ড ।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম