সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতি নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১২:৩০

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

গাজীপুর সদর থানার এস আই মো. শহিদুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশা যোগে ঢাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে সালনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে বহনকারী অটোরিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: পাট ব্যবহার বিষয়ক নিবন্ধ জাতিসংঘে উত্থাপিত

নিহতের ভাতিজা মাসুদ জানান, তার চাচা হারুন অর রশিদ নারান্দি গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেলে। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের ছোট ভাই নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তার বড় ভাই নারান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি স্ত্রীসহ তিন ছেলে রেখে গেছেন। শুক্রবার জুমাবাদ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

ইত্তেফাক/এমআরএম