নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আপন চাচাতো ভাই রাজন রবি দাসকে (১৪) আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মেন্দিপুর গ্রামের ত্রিমোহনী ব্রিজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাজন ৮ম শ্রেণির ছাত্র। তার বাবার নাম সুরেশ রবি দাস।
খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিশুটির মায়ের মৌখিক অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, রাজনের পাশের বাড়ির ওই মেয়ে শিশুটি ১৮ নভেম্বর ভোরে তার ঘরে ঘুমিয়ে ছিল। তখন ঘরে একা পেয়ে রাজন তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
আরও পড়ুন: অর্থের অভাবে রাবিতে ভর্তি অনিশ্চিত পলির
ওসি আরও জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধর্ষণ মামলা করার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএএম
