সাতক্ষীরায় ৩১ স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:০৭

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের বালিয়াডাঙ্গা বাজার এলাকা থেকে চার কেজি ৬৭০ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার সকালে বিজিবির টহল দল পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণের বারগুলো উদ্ধার করে। বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলি জানান, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিওপির টহল দলের সদস্যরা সীমান্তের বালিয়াডাঙ্গা বাজার এলাকায় সড়ক দিয়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির পিছু নেয়। এসময় বিজিবি দেখে তারা মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, স্বর্ণের বারের ওজন চার কেজি ৬৬৮ গ্রাম।  ভরি বা তোলা হিসাবে ওজন ৪০০ ভরি। এর বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। তবে স্বর্ণ পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি অফিসে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।