রায়পুরে ডাকাত সন্দেহে গণপিটুনি

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:০৯

লক্ষ্মীপুরের রায়পুরে গণপিটুনিতে মো. সোহেল (২৮) নামের এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গণপিটুনিতে আহত আরো পাঁচ সন্দেহভাজন ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অপর আহত কাউছার, মমিন, মিরাজ, সুমন ও ইব্রাহীমকে পুলিশি পাহারায় চিকিত্সা দেওয়া হচ্ছে। এদিকে শুক্রবার সকালে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা করেছেন। এতে গণপিটুনিতে আহত পাঁচ জনসহ অজ্ঞাতনামা অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দিনগত ভোররাতে স্থানীয় জব্বার আলী ব্যাপারী বাড়ির প্রবাসী মনিরের বসতঘরে ডাকাতিকালে বাড়ির লোকজন চিত্কার করলে আশপাশের মানুষ ডাকাতদের ঘেরাও করে ছয় জনকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাদেরকে গণপিটুনি দেয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক চাঁদপুরের হাইমচরের বাসিন্দা সোহেল নামের একজনকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, ডাকাতিকালে ছয় ডাকাতকে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পর একজন নিহত হয়। অপর আহতদের পুলিশি হেফাজতে চিকিত্সা চলছে। ডাকাতদের কাছ থেকে দুইটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা ও নিহতের ঘটনায় অজ্ঞাতনামা আরো একটি মামলা করা হয়েছে।