সিলেটে এএসআইসহ চার জন রিমান্ডে

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:১০

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক এএসআইসহ চার জনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

ভারত থেকে চোরাইপথে আনা ২৭৯ পিস এন্ড্রয়েড মোবাইল ফোন ‘গায়েবের’ সঙ্গে জড়িত থাকায় তাদের মঙ্গলবার আটক করে পুলিশ। পরে এই ঘটনায় দুটি মামলা দায়ের হলে বৃহস্পতিবার এই চার জনকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মোহাম্মদ জিয়াদুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের জিআরও কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই বেলাল জানান, রিমান্ড মঞ্জুর হওয়া চার আসামি হলেন—সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমি শাখায় কর্মরত এএসআই জাহাঙ্গীর হোসেন (৩৪), মোশারফ হোসেন খান (৩৮), ফারুক মিয়া (৩৬) ও জহিরুল ইসলাম সোহাগ (৩৯)।

এর আগে মঙ্গলবার চার জনকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ভারত থেকে চোরাইপথে ২৭৯টি মোবাইল ফোন সেট, দুটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।