‘উসকানিমূলক’ কর্মকাণ্ড চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে চীন। ওয়াশিংটনের দুইটি যুদ্ধজাহাজ এ সপ্তাহে বেইজিংয়ের দাবিকৃত বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় প্রবেশ করার পর চীনা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে দায়ী করল। এতে বিশ্বের ক্ষমতাধর এ দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মার্কিন নৌবাহিনী জানায়, ইউএসএস গাব্রিয়েল জিফোর্ড যুদ্ধজাহাজ বুধবার স্প্রাতলি আইল্যান্ডের মিসচিফ রিপের কাছ দিয়ে এবং ইউএসএস ওয়েনি ই মায়ার বৃহস্পতিবার প্যারাসেল আইল্যান্ডের কাছের জলসীমা অতিক্রম করে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন নৌবাহিনী বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ‘নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে’ নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রসঙ্গত চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ান দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে। বিষয়টি নিয়ে প্রায়ই চীনের সঙ্গে অন্য দেশগুলোর উত্তেজনা তৈরি হয়।
