গতকাল কাকডাকা ভোরে ঢাকা ছেড়ে চলে গেছেন বাংলদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। একেবারে জাননি, অনুশীলন হচ্ছে না বলেই নাকি তার ফিরে যাওয়া। গতকাল কাঠমান্ডুতে এসএ গেমস ফুটবলের ড্র হয়েছে। সেখানে ভারতের নামও রয়েছে ঘোষিত ফিকশ্চারে। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, তার সঙ্গে ভারতের কথা হয়েছে। তিনি বলেন, ‘আমি ভারতের সঙ্গে আজকেও (গতকাল) কথা বলেছি। তারা এসএ গেমস ফুটবলে খেলবে না বলে ভারতীয় অলিম্পিক কমিটিকে চিঠি দিয়ে জানিয়েছে। সেই হিসাবে আমি এখনো জানি ভারত খেলবে না। এখন নেপাল কেন ভারতকে নিয়ে ফিকশ্চার ঘোষণা করল আমি বুঝতে পারছি না।’ গতকাল নেপাল থেকে একজন সাংবাদিক জানিয়েছন, ভারত আগে বলেছিল খেলবে না, এখন তারা খেলবে।
বৃস্পতিবার এসএ গেমস ফুটবল দলের অনুশীলন ক্যাম্প ডাকা হয়েছিল। সেখানে বসুন্ধরা কিংসের আট ফুটবলার ও অধিনায়ক জামাল ভুঁইয়া বাদে বাকি ১২ জন ক্যাম্পে যোগ দিয়েছিলেন। জামাল ভুঁইয়া ছুটিতে গিয়েছিলেন ডেনমার্কে। তার বিষয়টি আলাদা। তবে বসুন্ধরার আট ফুটবলার না আসায় কোচ জেমি ডে অনুশীলন করাতে পারেননি। ১২ জনকে নিজ নিজ ক্লাবে ফেরত পাঠান। অনুশীলনই যদি না হয়, তাহলে কোচই বা কেন বসে থাকবেন? তিনি রাতে সিদ্ধান্ত নিয়ে গতকাল সকালেই বিমানের সিটবেল্ট বাঁধেন। কষ্ট নিয়ে ফিরে যান নিজ ঘরে। এসএ গেমস ফুটবলে বাংলাদেশ খেলবে।
জেমি ডে এটা নিয়ে একটা পরিকল্পানও করে রেখেছিলেন। কিন্তু বসুন্ধরা তাদের প্লেয়ার না ছাড়ায় জেমির সব পরিকল্পনা ভেস্তে গেছে। জেমি ডে পেশাদার ফুটবল থেকে উঠে আসা একজন মানুষ। তবে বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আগেই বসুন্ধরার আপত্তির জায়গাটি আমলে নিয়ে সুরাহা করে ফেলতে পারত। বসুন্ধরা কিংসের কথা হচ্ছে, তারা অনুশীলন শুরু হওয়ার দুই দিন আগেই চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান জানায়। ২১ নভেম্বর খেলোয়াড় ছাড়বে না ৩০ নভেম্বর খেলোয়াড় ছাড়বে, সেটা জানিয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি হতে যাচ্ছে জেনেও তখনই কেন ন্যাশনাল টিম কমিটি উদ্যোগ নেয়নি? তাহলে তো জেমি এখন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতেন না। সোহাগ জানিয়েছেন, খেলা শুরু হওয়ার দুই-তিন দিন আগেই দল পাঠানো হবে। কোচ সরাসরি নেপালে চলে আসতে পারেন।
গ্রুপ ‘এ’
নেপাল, বাংলাদেশ, ভুটান
গ্রুপ ‘বি’
ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা
১ ডিসেম্বর :বাংলাদেশ ও নেপাল
২ ডিসেম্বর :ভারত ও মালদ্বীপ
৩ ডিসেম্বর :বাংলাদেশ ও ভুটান
৪ ডিসেম্বর :মালদ্বীপ ও শ্রীলঙ্কা
৫ ডিসেম্বর :নেপাল ও ভুটান
৬ ডিসেম্বর :ভারত ও শ্রীলঙ্কা
৮ ডিসেম্বর :সেমিফাইনাল
১০ ডিসেম্বর :ফাইনাল
সব কয়টি ম্যাচ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে।
