টটেনহ্যাম হটস্পারের কোচ হিসেবে আজ যাত্রা শুরু হচ্ছে কোচ হোসে মরিনহোর। নিজেদের মাঠে আজ তার প্রতিপক্ষে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। তার আগে পর্তুগীজ এই কোচ জানালেন, নতুন ডেরায় পুরোনো ভুলগুলোর পুনরাবৃত্তি করবেন না তিনি।
গত মঙ্গলবার রাতে মরিসিও পচেত্তিনো চাকরিচ্যুত হবার পর টটেনহ্যাম দ্বারস্থ হয় সাবেক চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মরিনহোর। বুধবার সকালেই আসে তার কোচ হওয়ার ঘোষণা। এর ফলে ১১ মাস পর আবারও ৫৫ বছর বয়সি কোচ ফিরছেন ডাগআউটে।
গেল ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হবার পর চলতি বছরের পুরোটা সময় জুড়েই বিভিন্ন চ্যানেলে ফুটবল বিশ্লেষকের কাজ করেছেন তিনি। গত বৃহস্পতিবার স্পার্স কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে জানালেন, সে কাজের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়েও বিশ্লেষণ করেছেন তিনি। পরিশেষে উপলব্ধি, আগের দলগুলোয় বেশ কিছু ভুল ছিল তার। টটেনহ্যামে এসে সেসব করতে চান না তিনি।
মরিনহোর ভাষ্য, ‘আমার মনে হয়েছে আমি ভুল করেছি। এই ভুলগুলো আর করতে চাই না। আমি নতুন ভুল করব। কিন্তু একই ভুল আর নয়।’
তবে সে ভুলগুলো কী ছিল তা স্পষ্ট বললেন না ‘দ্যা স্পেশাল ওয়ান’, ‘আমি বেশ নম্রতা নিয়েই নিজের ক্যারিয়ারটা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। শুধু গেল বছরটা নয় বরং একেবারে শুরু থেকে, আমার বিবর্তন, সমস্যাগুলো আর তার সমাধান। আমি কাউকে দোষ দিতে চাই না।’
তিনি আরো যোগ করেন, ‘এটা দারুণ এক ব্যাপার ছিল। আমি বিশ্লেষণটা নিয়ে বেশ গভীরে গিয়েছিলাম। এই ছুটিটা আমার জন্যে বেশ ইতিবাচক ছিল। এটাই প্রথম গ্রীষ্ম ছিল যেখানে কোনো কাজ করিনি আমি। প্রাক-মৌসুমে অনুভূতিটা একটু খারাপও ছিল।’
মরিনহো জানালেন নিজের জয়ক্ষুধাটা দলে ছড়িয়ে দেওয়াই লক্ষ্য তার। তিনি বলেন, ‘যখন জয় পাই না তখন কোনোভাবেই আমি সুখী হতে পারি না। এবং এটায় কোনো পরিবর্তন আনতে পারি না আমি। এটাই আমার স্বভাব। আমি আশা করব সেটা খেলোয়াড়দের ভেতরেও ছড়িয়ে দিতে পারব কেননা হেরেও যদি আপনি খুশি থাকেন তাহলে জয়ী হয়ে ওঠাটা খুব কঠিন।’
অতীতে যেখানেই গেছেন পর্তুগীজ এই কোচ, দলবদলের বাজারে খরচ করেছেন দেদারসে। ম্যানচেস্টার ইউনাইটেডেই যেমন-১১ খেলোয়াড়ের পেছনে খরচ করেছেন ৪০০ মিলিয়ন ইউরো। তবে টটেনহ্যামে সে সুযোগটা পাচ্ছেন না তিনি। এরই মধ্যেই দল তাকে জানিয়ে দিয়েছে খেলোয়াড় বেচে তবেই নতুন খেলোয়াড় কিনতে হবে তাকে। তবে মরিনহো জানালেন বর্তমান স্কোয়াড নিয়েই সন্তুষ্ট তিনি, ‘এটা আমার জন্যে সেরা উপহার। আমি নতুন খেলোয়াড় চাই না। বর্তমানে যারা আছে তাদের নিয়েই খুশি। তাদের সঙ্গে অনেক সময় কাটাতে হবে আমাকে। তাদের বিপক্ষে খেলে তাদের ব্যাপারে ভালো ধারণা হয়েছে আমার, কিন্তু যথেষ্ট জানাশোনা হয়নি।’
চলতি মৌসুমে বাজে শুরুর খেসারত দিয়ে শিরোপা তো বটেই, শীর্ষ চারের লড়াই থেকেও অনেক দূরে সরে গেছে দল। তবে পরবর্তী মৌসুমেই শিরোপা জয়ের আশাবাদ মরিনহোর। ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবার আগে তিনি বলেন, ‘এ মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা সম্ভব নয় আমাদের। কিন্তু আগামী মৌসুমে এটা জিততে পারি। নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না তবে আমরা অবশ্যই জিততে পারি।’
