প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত উত্তরা সোনারগাঁ জনপথকে গাড়িমুক্ত সড়ক হিসেবে ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল শুক্রবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এটি উদ্বোধন করেন।
ডিএনসিসি জানায়, এ সড়কে প্রতি শুক্রবার স্থানীয়রা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওয়াকিং, সাইক্লিং, স্কেটিং, ঘুড়ি ওড়ানো, নৃত্য, গান, ছবি আঁকা, আড্ডা, বইপড়াসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। গতকাল এ সড়ক উদ্বোধনের সময়ও রাস্তার এক পাশে বিভিন্ন বয়সের শিশু-কিশোররা তাদের অভিভাবকদের সঙ্গে এসে মিলিত হয়। এসময় ফুটবল, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, বাস্কেটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা, ছবি আঁকা, হইচই, কোলাহলে মুখরিত হয়ে ওঠে পুরো অঙ্গন। ডিএনসিসি মেয়রও এ সময় শিশু-কিশোরদের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করেন।
মেয়র বলেন, আমাদের ভবিষ্যত্ প্রজন্মকে আর যেন ঘরে বসে থাকতে না হয়, তারা মাঠে আসবে রাস্তায় আসবে। আমরা দখল হয়ে যাওয়া মাঠগুলোকে পুনরুদ্ধার করব। যারা মাঠগুলোকে দখল করেছে নিজের স্বার্থে, ব্যবসার স্বার্থে তাদের ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করার আহ্বান জানাই।
তিনি আরো বলেন, শতকরা ২৫ ভাগ শিশু বিষণ্নতায় ভোগে, বিষণ্নতার মূল কারণ খেলাধুলা করতে না পারা। শতকরা ৮০ ভাগ বাচ্চারা গড়ে প্রায় দুই ঘণ্টা করে মোবাইল ফোনে ভিডিও দেখে, ভিডিও দেখে বাচ্চাদেরকে খাওয়াতে হয়। এর ফলে মোবাইল ফোনে তারা আসক্ত হয়ে যাচ্ছে।
এ সকল প্রবণতা পরিবর্তন করতে হবে। তাই আজকের এ আয়োজন। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন করা আমাদের মূল টার্গেট। মাদকাসক্ত ও জঙ্গিবাদমুক্ত করতে হলেও খেলাধুলার বিকল্প নেই। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান, শাহনাজ পারভীন মিতু ও জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
