চাকা ফেটে বাস উঠে গেলো বরযাত্রীবাহী মাইক্রোবাসের ওপর

এক পরিবারের ছয় জনসহ নিহত ৯

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০১:০০

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জে বাসচাপায় মাইক্রোবাসের চালকসহ ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছেন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। মাওয়া কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর কাওসার-ই-আলম বলেন, গতকাল রাস্তার একপাশে কাজ চলছিল। তাই অন্যপাশ দিয়ে গাড়ি চলছিল। এ সময় বাসটির ডান পাশের সামনের চাকা ফেটে গিয়ে বাসটি মাইক্রোটির ওপর উঠে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ আরো পাঁচ জন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, লৌহজং উপজেলার কনকশার থেকে মুদি দোকানি রুবেল হোসেনের বরযাত্রী যাচ্ছিল কেরানীগঞ্জের কামরাঙ্গীরচর। পথে মাইক্রোটিকে পিষে দেয় বাস। নিহতরা হলেন—বরের বাবা আব্দুর রশীদ ব্যাপারি (৬০), বোন লিজা (২২) ও লিজার মেয়ে তাবাসসুম  (৪), ভাবি রুনা আক্তার (২২) ও তার ছেলে তাহসিন (৩) এবং প্রতিবেশী কেরামত আলী (৭০) মফিজুল  (৬০) ও  চালক বিল্লাল (২৮)।  ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া নিহত ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এসব তথ্য দিয়ে শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, লাশগুলো শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বাস ও মাইক্রোর চার যাত্রীকে আহতাবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। সেখানে রানু আক্তার (১২) নামে আরো একজন মারা গেছে। সে বরের মামাতো বোন। বাস ও মাইক্রো দুটি পুলিশ হেফাজতে রয়েছে। বেপরোয়া গতির বাসটি ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা হয়। এতে মাইক্রোটি (ঢাকা মেট্রো চ- ১৫ ৫৫৬৬) দুমড়েমুচড়ে যায়। বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল বাসেদ জানান, স্বাধীন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী মাইক্রোবাসের ওপরে গিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিসের সঙ্গে সেনা সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন। মহাসড়কটির উন্নয়ন কাজের সঙ্গে সেনাবাহিনী সম্পৃক্ত থাকায় দ্রুত আশপাশ থেকে ছুটে আসেন সেনা সদস্যরাও। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে ও আহতদের চিকিত্সার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিয়ে বাড়িতে শোকের মাতম: কয়েক ঘণ্টা আগেও যেখানে ছিল আনন্দ আর উত্সব। সেখানে এখন শোকের মাতম। স্বজনদের বুকফাটা আর্তনাদে এলাকার বাতাস     ভারি হয়ে উঠেছে। শত শত লোক ভিড় করছে। 

এদিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের নিমতলায় বাসচাপায় মিলন শেখ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এছাড়া উপজেলার কেয়াইন ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. কবির হোসেন গুরুতর আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গতকাল সীতাকুণ্ডে চট্টগ্রামমুখী ট্রাক একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম (৫০) বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, গতকাল ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. জাকির (৪০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল ভোরে তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কের বাবরি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হোটেল এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, গতকাল স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে দুর্ঘটনায় রিপন হালদার নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।