কুষ্টিয়ায় কারখানায় আগুনে চার শ্রমিক দগ্ধ

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২২:৩৫

কুষ্টিয়ায় প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডে কর্মরত চার শ্রমিক দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধদের গুরুতর অবস্থায় প্রথমে কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী সময়ে উন্নত চিকিত্সার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বৃহস্পতিবার দিবারাত ৩টার দিকে শহরের বারখাদা এলাকায় উডল্যান্ড প্লাইউড কারখানায় এ ঘটনাটি ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—সাজেদুল ইসলাম, রায়হান আলী, চান্নু মিয়া, মেহেদী হাসান। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শ্রমিকরা কারখানাটিতে রাতে কাজ করছিলেন। এ সময় হঠাত্ রাত ৩টার দিকে বিকট শব্দের সঙ্গে কারখানার ভেতরে আগুন জ্বলতে থাকে এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ঐ চার শ্রমিকের শরীরের ৩০ ভাগের বেশি পুড়ে গেছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী সাজ্জাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। উডল্যান্ড প্লাইউড কোম্পানির কর্মকর্তা তুহিনুল ইসলাম জানান, কারখানায় রাতের শিফটে কাজ চলছিল। এ সময় হঠাত্ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে যেয়ে চার শ্রমিক দগ্ধ হন। উল্লেখ্য, আবাসিক এলাকায় স্থাপিত এ কারখানার ধোঁয়া, ছাই ও কাঠের গুঁড়ায় এলাকায় বসবাস করা দায় হয়ে পড়েছে। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কাছে গণপিটিশন দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।