অসুস্থ মুক্তিযোদ্ধাকে আইসিইউতে নিলেন জেলা প্রশাসক

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২২:৩৫

রংপুরের বাংলাদেশ ব্যাংকে ছেলের বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত বাতিল ও চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশনে থাকা মুক্তিযোদ্ধা রঙ্গলাল মহন্ত গুরুতর অসুস্থ হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে জেলা প্রশাসক আসিব আহসানের নির্দেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রঙ্গলালকে হাসপাতালে ভর্তি করান। এর আগে বৃহস্পতিবার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এই মুক্তিযোদ্ধা। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অনশন স্থলেই স্যালাইন দেওয়াসহ প্রাথমিক চিকিত্সা সেবা দেন চিকিত্সকরা। এ দিকে চতুর্থ দিনের মতো রঙ্গলাল মহন্তের পরিবারের সদস্যরা আমরণ অনশন অব্যাহত রেখেছেন। সন্ধ্যার পর খোলা আকাশের নিচে শীত উপেক্ষা করে নিদারুণ কষ্টে রাত কাটাতে হচ্ছে রঙ্গলালের পরিবারকে।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার শৈলমারী গ্রাম থেকে ছেলের চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশন শুরু করে মুক্তিযোদ্ধা রঙ্গলাল মহন্তের পরিবার। ঐ দিন এই মুক্তিযোদ্ধা ছেলের চাকরি ফেরত না দেওয়া হলে মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বেঁচে থাকাকালীন সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বর্জনের ঘোষণা দেন। গত চার দিনে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার কোনো প্রতিনিধি বা ঊর্ধ্বতন কর্মকর্তা এই মুক্তিযোদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানা গেছে। এ ব্যাপারে রঙ্গলাল মহন্তের ছেলে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সাধন চন্দ্র মহন্ত বলেন, আমার বাবা আজ অসুস্থ। ব্যাংকের কোনো কর্মকর্তা, স্যাররা কেউ দেখতে আসেননি।