জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এইচ এম এরশাদের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী বিদিশা অভিযোগ করে বলেছেন, সম্পদের লোভে এরিককে (এরশাদ-বিদিশার পুত্র) তার চাচা জি এম কাদের (জাপার বর্তমান চেয়ারম্যান) নির্যাতন করেছেন। এরিকের প্রতি তার (জি এম কাদের) কোনো আগ্রহ নেই, তার আগ্রহ এরিকের সম্পদের প্রতি। সম্পদের জন্য তিনি এরিককে নানাভাবে নির্যাতন করেছেন। এমনকি এই বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে খেতে পর্যন্ত দেননি। না খেতে পেরে এরিক শুকিয়ে গেছে। গতকাল শুক্রবার রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাসায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিদিশা।
বিদিশা বলেন, ড্রাইভারও এরিকের গায়ে হাত তুলেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বাইরে যেতে পারছি না, ভয় পাচ্ছি। ঘর থেকে বের হলে ফিরতে পারব কি না এর নিশ্চয়তা নেই।
সংবাদ সম্মেলনে এরিক বলেন, নিজের প্রয়োজনেই তিনি মা বিদিশাকে প্রেসিডেন্ট পার্কের বাসায় ডেকে এনেছেন। এরিক বলেন, ‘মৃত্যুর আগে বাবা আমাকে বলে গেছেন, কোনোভাবে তোমার মাকে কষ্ট দিও না। মায়ের পায়ের নিচে বেহেশত। রাজনৈতিক কারণে আমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি। আমার চাচা জি এম কাদের বলেছেন, জোর করে মা এখানে এসেছেন, এটা ভিত্তিহীন। মা নাকি অস্ত্র নিয়ে বাসায় এসেছেন, এটা সত্য নয়। অস্ত্র নিয়ে আসলে পুলিশ তাকে এখানে প্রবেশ করতে দিত না।
