পুরাতন ইটে রাস্তা পাকাকরণ, অনিয়মের অভিযোগ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৭:৩৮

রাস্তাটির দূরত্ব এক কিলোমিটার। এতদিন এটি ছিল ইট বিছানো অর্থাৎ এইচবিবি। এখন তা পাকাকরণ হচ্ছে। সেই পাকাকরণের কাজ চলছে এইচবিবির তুলে ফেলা ইটের খোয়া দিয়েই। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তারা প্রতিকার চেয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। রাস্তা নির্মাণে অনিয়মের ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বেনীপুরে। 

জানা গেছে, নাচোল-আড্ডা সড়কের বেনীপুরে মোড় থেকে পশ্চিমে এক কিলোমিটার রাস্তা এর আগে এইচবিবি করে নাচোল ইউনিয়ন পরিষদ। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে দুটি প্রকল্পে ১১ লাখ টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণ করেছিল সদর ইউনিয়ন পরিষদ। বর্তমানে রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নিয়েছে উপজেলা এলজিইডি। পাকাকরণের কাজ পেয়েছে রাজশাহীর মেসার্স হাসিব এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সেখানে এই প্রকল্প সম্পর্কে কোনো সাইনবোর্ড টানানো হয়নি। 

এদিকে রাস্তা পাকাকরণের কাজে অনিয়মের অভিযোগ এনেছে এলাকাবাসী। বেনীপুর গ্রামের সালাউদ্দিন, সুজাউদ্দিন ও তোফাজ্জল হোসেন জানান, পাকাকরণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এইচবিবি রাস্তার ইটের খোয়া করে ব্যবহার করা হচ্ছে। তাদের অভিযোগ, ৪/৫ মাস আগে এই ইটগুলো ভেঙ্গে খোয়া করা হয়। ফলে খোয়াগুলোর উপর ধুলা, মাটি ও রাবিসে ছেয়ে আছে। সেগুলোই আবার রাস্তায় ফেলে কাজ চলছে। রাস্তা পাকাকরণে নিম্নমানের কাজ হচ্ছে বলে তাদের জোর দাবি।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাচোল সদর ইউনিয়ন পরিষদের সদস্য মকবুল হোসেন। তিনি বলেন, ‘উপজেলার অনেক রাস্তা এখনো কাঁচা রয়েছে। সেগুলো কর্তৃপক্ষের নজরে পড়ল না। পড়ল এই রাস্তাটি। আর এই এইচবিবি রাস্তাটি অনিয়ম করে পাকাকরণের প্রয়োজনটা কি?’


এই সব পুরোনো ইট দিয়েই রাস্তা করা হচ্ছে। ছবি: ইত্তেফাক

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, এইচবিবি রাস্তায় কার্পেটিং করা হলে রাস্তার ইটগুলো ইউনিয়ন পরিষদ গ্রহণ করবে। কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান সেটি করতে দেয়নি বলে তিনি এ প্রতিবেদককে জানান।

অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হাসিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তা নির্মাণ কাজে প্রকল্পের কোনো সাইনবোর্ড লাগে না। তবে তিনি অনিয়মের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, রাস্তা নির্মাণ কাজে যে ইট-বালু ব্যবহার করা হচ্ছে তা নিয়মের মধ্যেই করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী দপ্তরের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজশাহীতে আছি। অফিসে গিয়ে বিষয়টি দেখা হবে।

নাচোল উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, রাস্তা নির্মাণে অনিয়ম দেখা গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

ইত্তেফাক/জেডএইচ