তাজরীন ফ্যাশনে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২০:২৩

সাভারের আশুলিয়ায় তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর পূর্তি উপলক্ষ্যে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে আহত শ্রমিক ও নিহতের স্বজন এবং শ্রমিক সংগঠন।

 

শনিবার সন্ধ্যায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল-আবিসি, সাভার-আশুলিয়া কমিটির উদ্যোগে তাজরীন গার্মেন্টস এর সামনে এ মোমবাতি প্রজ্বালন করা হয়।

 

এ সময় নিহতদের স্মরণে শতাধিক মোমবাতি প্রজ্বালন করা হলে নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কান্নায় ভারী হয়ে পরে তাজরীনের আকাশ-বাতাস। এছাড়া নিহত  শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

 

এর আগে মোমাবাতি প্রজ্জলন অনুষ্ঠান থেকে মোমবাতি হাতে “তাজরীন টাম্পাকো রানা- আর না আর না” এই শ্লোগান তুলে নিহতদের স্মরণ করা হয়।

 

শ্রমিক নেতৃবৃন্দ বলেন, তাজরীন ও রানা প্লাজাসহ সারাদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আইএলও কনভেনশন ২১২ এবং মারাত্মক দুর্ঘটনা আইন ১৮৫৫-এর ভিত্তিতে শ্রমিকদের সারা জীবনের ক্ষতি ও বিভিন্ন দুর্ঘটনায় আদালতের আদেশ পত্র, ক্ষতিপূরণের বিবেচনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া একটি জাতীয় মানদন্ড তৈরি এবং আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দীর্ঘমেয়াদী চিকিত্সা ও পুনর্বাসন নিশ্চিতের দাবি জানান নেতারা।

 

ইত্তেফাক/এএম