রাজশাহীর পবায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার বারইপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত শিশু হাসিনা খাতুন (১১) পার্শ্ববর্তী গোদাদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের বাইপুর গ্রামের হোসেন আলীর মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি এবার প্রাথমিকের সমাপনী পরীক্ষা শেষে নানার বাড়ি পবার বারইপাড়াতে বেড়াতে এসেছিলো। রাতে শিশুটিকে নিজদের ঘরে ঘুম পারিয়ে রেখে নানা আকবর আলী ও নানী পাশের বাড়িতে মাদারের গান শুনতে যান। এ সুযোগে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। শেষ রাতের দিকে নানা-নানী বাসায় ফিরে শিশুটির মৃতদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন।
আরো পড়ুন: কাশিয়ানীতে স্ত্রীকে গলাকেটে হত্যাকারী গ্রেফতার
নগরীর কর্ণাহার থানার ওসি সেলিম বাদশা রবিবার দুপুরে বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে তখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সকালে খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি আরো বলেন, শিশুটি হয়তো তাকে ধর্ষণকারীকে চিনে ফেলেছিল। এ কারণে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/বিএএফ
